মাদারীপুরের কালকিনিতে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গলা কেটে গুরুতর আহত হওয়া এক তরুণী অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত প্রিয়া আক্তার (২০) কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে ছিলেন।
ঘটনার সূত্রপাত গত শনিবার সন্ধ্যায়। কথিত প্রেমিক বায়জিদ ঈদ কেনাকাটার কথা বলে প্রিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ভুরঘাটা এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে বায়জিদ ধারালো অস্ত্র দিয়ে প্রিয়ার গলায় আঘাত করে। এতে প্রিয়ার গলার একটি বড় অংশ কেটে যায় এবং তিনি আশঙ্কাজনকভাবে আহত হন।
ঘটনার পর অভিযুক্ত বায়জিদ তার খালা তমাকে সঙ্গে নিয়ে আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে কৌশলে পালিয়ে যায়। এ সময় তারা প্রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে প্রিয়াকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে তিনি মারা যান। নিহতের পরিবার এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানিয়েছেন, অভিযোগ পেলে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক বায়জিদ পলাতক রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























