স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে একটি পাইলট প্রকল্পের অধীনে হেলথ কার্ড এবং কৃষিকার্ড বিতরণ শুরু করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে, ইউনিয়ন পর্যায়ে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং পুরোহিতদের সম্মানী ভাতা প্রদানও শুরু হয়েছে। মন্ত্রী দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, যদি কেউ কোনো কাজে ঘুষ চায় তবে তাকে জানাতে হবে।
বুধবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি তার নির্বাচনী এলাকা বেলাবো-মনোহরদীকে মাদক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন এবং পর্যায়ক্রমে সারা দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় সকল নাগরিককে আনা হবে এবং দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া সকলকেই এই সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বেলাবো উপজেলার আটটি ইউনিয়নের মোট ১৯৩ জন দুস্থ ও গরিব ব্যক্তিকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৮৬ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ, থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূঞা, উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























