জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং মূল্যবৃদ্ধির গুজব রোধে টাঙ্গাইলের ধনবাড়ীতে ফিলিং স্টেশনগুলোতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার চারটি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
ধনবাড়ী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ, সরবরাহ অবস্থা ও বিক্রির কার্যক্রম তদারকি করা হয়। একইসঙ্গে, ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে প্রশাসন।
এদিকে, সকাল থেকেই ধনবাড়ীর বিভিন্ন তেল পাম্পে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকে যানবাহন নিয়ে তেলের জন্য অপেক্ষা করছিলেন। গ্রাহকরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ঈদের আগে এই সংকট আরও প্রকট হতে পারে, এমন ধারণায় অনেকেই আগাম তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। যদিও তেল পাম্পগুলো সরকারের নির্দেশনা অনুযায়ী তেল বিক্রি করছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, সরকার জ্বালানি তেল বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং পাম্পগুলোতে সরবরাহকৃত তেল সরকারি নিয়ম মেনেই বিক্রি করা হচ্ছে। তবে, ক্রেতাদের মাঝে তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এই গুজবকে পুঁজি করে তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























