রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা ডানতীর বাঁধ সংলগ্ন রমাকান্ত এলাকায় রমাকান্ত পাইপ সুইচ পুনর্বাসন ও ৫.৪০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বুধবার (১৮ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়িত এই খাল পুনঃখনন প্রকল্পটি এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকার গঠন করলে মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, সেই সময়ের ঘোষণাকে অনেকেই উপহাস করেছিলেন, কিন্তু বর্তমান সরকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এবং গঙ্গাচড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। এছাড়াও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রংপুর-এর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর সবুর, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম, নোহালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, Adaptation Initiative for Climate Vulnerable Offshore Small Islands and Riverine Char Land in Bangladesh শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























