পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দুঃস্থ ও অসহায় ৫০০টিরও বেশি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ঈদ উপহার হিসেবে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের চত্বর থেকে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। তিনি নিজ হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ অসহায়দের মাঝে তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিতুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপি সহ-সভাপতি ফরহাদ খান এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম। তারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুঃস্থ ও গরিব ৫০০টিরও বেশি মানুষের মাঝে এই নগদ অর্থ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।
প্রধান অতিথি ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই ঈদ উপহার অসহায় পরিবারগুলোর ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
রিপোর্টারের নাম 
























