বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এবং রংপুর ২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি অনুদানের একটি টাকাও তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না। তিনি অঙ্গীকার করেছেন যে, যে পরিমাণ অর্থই বরাদ্দ আসুক না কেন, তা এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সম্পূর্ণরূপে বিতরণ করা হবে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বদরগঞ্জ পৌর শহরের একটি স্কুল মাঠে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণের অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এটিএম আজহার জানান, তার নির্বাচনী এলাকায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার মোট ৫০০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের ৩২৫ জন এবং তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ১৭৫ জন সুবিধাভোগী প্রত্যেকে ২ হাজার টাকা করে পেয়েছেন।
সংসদ সদস্য এটিএম আজহার বলেন, জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে গরিব অসহায়দের মাঝে সরাসরি নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণের এই উদ্যোগ এটিই প্রথম। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের পক্ষ থেকে এভাবেই প্রতিনিয়ত দেশের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বরাদ্দের পাশাপাশি বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি স্বীকার করেন যে, তার নির্বাচনী এলাকায় প্রচুর সংখ্যক দরিদ্র ও অসহায় মানুষের বসবাস রয়েছে এবং এই সামান্য অনুদানে সকলের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তবে তিনি আশ্বাস দেন যে, পর্যায়ক্রমে আরও বেশি বরাদ্দ এনে এলাকার উন্নয়ন এবং অসহায়দের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করবেন। আজকের অনুষ্ঠানে যারা সহায়তা পাননি, তারা আগামীতে অবশ্যই অনুদানসহ অন্যান্য সাহায্য সহায়তা পাবেন।
এটিএম আজহার আরও জানান, তার ব্যক্তিগত তহবিল এবং সংগঠনের পক্ষ থেকেও বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই দুই উপজেলার সকল গরিব, অসহায় ও দুস্থ মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার।
এছাড়াও, তিনি এলাকার শিক্ষিত বেকার যুবকদের নিয়েও ভাবনার কথা জানান এবং তাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার ব্যাপারে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























