চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এক জেলের মাছ ধরার একমাত্র নৌকা চুরির ঘটনা ঘটেছে। এতে পরিবারটির উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে ভুক্তভোগী জেলে দিশেহারা হয়ে পড়েছেন। এই ঘটনায় পুরো উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে সন্তোষপুরের বটতলী মাছঘাট থেকে বালি জলদাস নামের এক জেলের নৌকাটি চুরি হয়। প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে কেনা নৌকাটিই ছিল বালি জলদাসের জীবিকার একমাত্র উৎস। নিজের সঞ্চয় ও ঋণের টাকায় কেনা এই নৌকার আয় থেকে তাকে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো।
ভুক্তভোগী বালি জলদাস জানান, মঙ্গলবার রাতে জোয়ারের অপেক্ষায় নৌকাটি খালের ঘাটে বেঁধে রেখে তিনি মাছ ধরতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন নৌকাটি সেখানে নেই। এরপর থেকেই তিনি উপকূলজুড়ে নৌকাটির খোঁজে রয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “নৌকাটি খুঁজতেই সময় চলে যাচ্ছে, থানায় যাওয়ার সুযোগও পাইনি। এখন ঋণের চাপ আর পরিবারের খরচ—সব মিলিয়ে কী করব বুঝতে পারছি না। এই নৌকাটিই ছিল আমার বেঁচে থাকার একমাত্র পথ।”
এ ঘটনায় সন্তোষপুর এলাকার জেলেদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জেলে বাতুল জলদাস বলেন, “এভাবে আগে কখনো নৌকা চুরি হয়নি। এখন আমাদের নৌকা পাহারা দিতে রাত জেগে থাকতে হবে।”
স্থানীয় ইউপি সদস্য আশরাফ জানান, বালি জলদাস অত্যন্ত পরিশ্রমী ও সাধারণ মানুষ। ধার-দেনা করে কেনা নৌকাটি হারিয়ে তিনি এখন নিঃস্ব। স্থানীয়ভাবে তাকে সহায়তা এবং নৌকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নৌকাটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার দ্রুত নিষ্পত্তি এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 
























