খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, যা দেশের চাহিদা পূরণে সক্ষম। একইসাথে তিনি দাবি করেছেন যে, চলমান কোনো যুদ্ধ পরিস্থিতি দেশের খাদ্য সরবরাহে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। মন্ত্রী আরও উল্লেখ করেন, বিএনপি সরকার নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে দেখাচ্ছে।
গতকাল (বুধবার, ১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমপুর হাইস্কুল মাঠে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে অনেক সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা ভুলে গেছে। তবে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শের দল হিসেবে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে প্রশংসা করে বলেন, বিএনপি যা বলে, তাই করে—এটি তিনি প্রমাণ করছেন।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারিত হবে। একইভাবে কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী পহেলা বৈশাখ থেকে উদ্বোধন হবে এবং প্রথম ধাপে ১১টি জেলায় এই কার্ড বিতরণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে কৃষি ইনস্যুরেন্স চালুর পরিকল্পনা রয়েছে। বন্যা বা খরার কারণে ফসল নষ্ট হলে কৃষকরা এই ইনস্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি, সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে বলেও তিনি জানান।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের প্রধান লক্ষ্য। কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান, সেজন্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল ক্রয়ের উদ্যোগ নিচ্ছে। তিনি আরও জানান, মৌসুমভিত্তিক মূল্য পতন ঠেকাতে এলাকাভিত্তিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে কৃষকরা ফসল সংরক্ষণ করে পরবর্তীতে ভালো দামে বিক্রি করতে পারবেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, দেশের উর্বর মাটি, অনুকূল আবহাওয়া ও সেচ ব্যবস্থার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি খাত অল্প সময়ের মধ্যেই অর্থনীতির অন্যতম শক্তিশালী খাতে পরিণত হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























