সীতাকুণ্ড এলাকাকে একটি আদর্শ, পরিবেশবান্ধব এবং চাঁদাবাজিমুক্ত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী। একইসঙ্গে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সীতাকুণ্ড ছাত্র সমিতির বার্ষিক ইফতার ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডের শিল্পাঞ্চলকে একটি আধুনিক ও পরিকল্পিত জোনে রূপান্তর করা হবে, যেখানে সুশাসন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত থাকবে। শিল্পক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে এবং উদ্যোক্তাদের নিরাপত্তা দিতে চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। স্থানীয় শিক্ষিত যুবসমাজকে অগ্রাধিকার ভিত্তিতে শিল্পকারখানায় নিয়োগ দেওয়ার জন্য তিনি শিল্পপতিদের প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা উল্লেখ করে তিনি জানান, সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দক্ষ জনশক্তি গড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করা অপরিহার্য। সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























