গোপালগঞ্জের পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর ও কাশিয়ানী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার মহিমা খানম (৭), মোটরসাইকেল চালক পারভেজ মোল্যা (১৯) এবং নড়াইলের লোহাগড়া থেকে আসা শিশু সেঁজুতি বিশ্বাস (৮)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসব শেষে ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সেঁজুতি বিশ্বাস নিহত হয়। অন্যদিকে, সদর উপজেলার গোপীনাথপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে চালক পারভেজ মোল্যা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
দিনের অন্য এক ঘটনায়, গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিমা খানম মারা যায় এবং মীম খানম নামে অন্য এক শিশু গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























