ভারতীয় দর্শকদের স্তব্ধ করে দিতে চান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে এমন হুংকারই দিয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক পরে শিরোপা নির্ধারণী ম্যাচের মাঠের লড়াইয়ে সেটা করিয়েও দেখিয়েছেন। আহমেদাবাদের গ্যালারির নীল সমুদ্র যেন পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। ভারতের ক্রিকেট অনুরাগীদের মন থেকে এখনো মুছে যায় সেই কষ্ট।
সেই একই ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। স্বাগতিক ভারতের বিপক্ষে শিরোপার জন্য লড়াই করবে নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর আর স্নায়ুচাপের ফাইনালের আগে কামিন্সের চেয়েও কঠোর বার্তা দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। রোমাঞ্চকর ও মহারণের ম্যাচের উত্তেজনা আর উত্তাপ যেন আরো বাড়িয়ে দিলেন কিউই দলপতি। হাই ভোল্টেজ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে বৈশ্বিক আসরের শ্রেষ্ঠত্ব জেতাই এখন লক্ষ্য নিউজিল্যান্ডের।
ভারতের সামনে নিউজিল্যান্ডকে হয়তো অনেকে ফেভারিট মানতে নারাজ। তবে স্যান্টনার বলছেন অন্য কথা, ছোট ঘাটতিগুলো পূরণ করতে পারলে ও দলগত পারফরম্যান্স ভালো হতে পারলে ট্রফি জেতা অসম্ভব কিছু না, ‘এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। সবাই জানে আমরা হয়তো ফেভারিট নই। কিন্তু সেটা নিয়ে আমাদের সমস্যা নেই। ছোট ছোট বিষয় ঠিকভাবে করতে পারলে এবং দল হিসেবে শক্তিশালী পারফরম্যান্স করতে পারলে ট্রফি জেতার সুযোগ তৈরি হবে। আর যদি ট্রফি জিততে কয়েকটি হৃদয় ভাঙতেও হয়—তাতেও সমস্যা নেই।’
২০২৩ ফাইনালে স্পিনবান্ধব উইকেটে হতাশায় ডুবেছিল ভারত। এবার তাই ব্যাটিংবান্ধব উইকেটই থাকছে আহমেদাবাদে। তাই এবারের ফাইনালে রান উৎসবের আশায় স্যান্টনার, ‘এখনো উইকেট দেখিনি। তবে রান উঠবে অনেক। বিশ্বকাপের আগে পাঁচটা ম্যাচ খেলেছি সেখানেও ভালো পিচ ছিল। টুর্নামেন্টে আমরা ধাপে ধাপে লক্ষ্যমাত্রা অর্জন করেছি। প্রথমে গ্রুপ পর্ব, সেখান থেকে সুপার এইট, তারপর সেমিফাইনাল। গোটা টিম খুবই উত্তেজিত। বিশেষ করে গত ম্যাচটা যেভাবে জিতেছি তাতে আত্মবিশ্বাস বাড়বে। ভারতও একইভাবে আত্মবিশ্বাস পেয়েছে সেমিফাইনাল থেকে।’
স্যান্টনার মনে করেন, টি-টোয়েন্টিতে ছোট ছোট মোমেন্টাম ম্যাচের ভাগ্য বদলে দেয়, ‘টি-টোয়েন্টিতে অনেক অনিশ্চয়তা থাকে। পুরো বিশ্বকাপেই দেখেছেন—অনেক দল প্রায় সমান শক্তির। শেষ পর্যন্ত কয়েকটি ছোট মুহূর্তই ম্যাচের ফল বদলে দেয়।’
ফাইনালে দুদলই নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে নিয়ে মাঠে নামবে। এমনটাই বিশ্বাস স্যান্টনারের, ‘দিন শেষে যে দল বেশি সময় ধরে নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারবে, তারাই জিতবে।’
রিপোর্টারের নাম 























