করদাতাদের আমদানিকৃত পণ্যের মূল্য এবং আমদানির সময় পরিশোধ করা অগ্রিম আয়করের তথ্য এখন থেকে সরাসরি সার্ভার থেকে সংগ্রহ করতে পারবেন আয়কর কর্মকর্তারা। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৪ মার্চ) এনবিআরের সব কর অঞ্চলের কমিশনারদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
নতুন নির্দেশনা অনুযায়ী, কর কর্মকর্তারা এখন থেকে অ্যাসাইকুডা (ASYCUDA) সিস্টেমের বিজনেস ইন্টেলিজেন্স সার্ভার থেকে আমদানিকারকদের আমদানি পণ্যের মূল্য এবং আমদানির সময় পরিশোধ করা অগ্রিম আয়করের তথ্য সংগ্রহ করতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট করদাতার আয়কর নির্ধারণ করা হবে।
এনবিআর জানিয়েছে, নিরীক্ষার জন্য কর মামলা নির্বাচন, আয়কর আইন অনুযায়ী পরিদর্শী যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের মাধ্যমে কর মামলা পুনরায় উন্মোচনের অনুমোদন কিংবা ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের সময় এই সার্ভারভিত্তিক তথ্য ব্যবহার করা যাবে।
নির্দেশনা অনুযায়ী, পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা অ্যাসাইকুডা সিস্টেমের সার্ভার থেকে আমদানিকারকের আমদানিকৃত পণ্যের প্রকৃত মূল্য এবং আমদানিপর্যায়ে পরিশোধ করা অগ্রিম আয়করের তথ্য সংগ্রহ করবেন। এরপর এসব তথ্য লিখিতভাবে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে জানাতে হবে, যিনি কর নির্ধারণের দায়িত্বে থাকবেন।
এনবিআরের মতে, সার্ভারভিত্তিক এই তথ্য ব্যবস্থার ফলে আয়কর মামলা নিষ্পত্তির সময় করদাতার আমদানির পরিমাণ, আমদানি মূল্য এবং আমদানির সময় সংগৃহীত অগ্রিম আয়করের তথ্য সহজেই যাচাই করা যাবে। এতে আমদানিপর্যায়ে সংগৃহীত অগ্রিম আয়করের সঠিক ক্রেডিট দেওয়া সম্ভব হবে।
সংস্থাটি আরও মনে করছে, এ ব্যবস্থার ফলে কর ফাঁকি রোধ করা সহজ হবে এবং কর আদায় বাড়বে। একই সঙ্গে আয়কর মামলা নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুততর হবে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং আয়কর ফেরত প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুত হবে।
রিপোর্টারের নাম 






















