দেশের টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণের স্বার্থে শ্রমশক্তির একটি বড় অংশকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিটিসি) এর ২২তম সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, তৈরি পোশাক খাতকে ঘিরে কিছু শ্রমিক আনুষ্ঠানিক হলেও, সামগ্রিকভাবে দেশের শ্রমশক্তির উল্লেখযোগ্য অংশ এখনো অনানুষ্ঠানিক খাতে রয়ে গেছে।
বাণিজ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, শ্রম খাতকে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা না গেলে আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করা কঠিন হবে। এর ফলে শ্রমিকরা তাদের ন্যায্য সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন।
নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রস্তুতিমূলক কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা মূল্যের সহায়তা প্রদান করা হবে। এটি দেশের নিম্নআয়ের জনগোষ্ঠীর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে এবং সরাসরি রেশন ব্যবস্থা না হলেও এর উদ্দেশ্য অনেকাংশেই পূরণ করবে বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী শিল্প ও শ্রম খাতের বিদ্যমান সমস্যা সমাধানে টিসিসি সভার নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শ্রম সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, টিসিসি গঠনের মূল লক্ষ্য পূরণে নিয়মিত সভা নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রী আরও বলেন, আলোচনায় তর্ক-বিতর্ক বা উত্তপ্ত বাক্য বিনিময় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ, এতে আতঙ্কিত না হয়ে পারস্পরিক সংলাপের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করাই লক্ষ্য হওয়া উচিত।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়াও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে হাসান শামিম এবং টিটিসির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সভায় তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























