বিগত সরকারের আমলে দেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দ্রুত ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান। এই প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্টদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘স্টোলেন এসেট রিকোভারি টাস্কফোর্স’-এর পরামর্শকের সঙ্গে এক বিশেষ বৈঠকে গভর্নর এই নির্দেশনা দেন। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র জানান, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রমকে কোনো ধরনের বিলম্ব ছাড়াই ফলপ্রসূ করার ওপর জোর দিয়েছেন গভর্নর। বৈঠকে তিনি এই পুরো প্রক্রিয়াটিকে ‘ফাস্ট ট্র্যাক’ বা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে বড় অংকের অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ রয়েছে। সেই হারানো রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে আনার আইনি ও কৌশলগত কার্যক্রমকে আরও বেগবান করতেই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গভর্নরের এই কঠোর নির্দেশনার ফলে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার হবে।
রিপোর্টারের নাম 
























