পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। “আহলান সাহলান, মাহে রমাদান” স্লোগানে মুখরিত হয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিটি পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়। এরপর এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট ট্রাফিক মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
র্যালি থেকে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের মর্যাদা রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও শেখ ফরিদ আহমেদ।
বক্তারা আরও বলেন, রমজানকে কুরআন নাজিলের মাস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করতে হবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হতে হবে। পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলা আমিন, জেলা আইটি বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মো. তারিকুজ্জামান তামিম, উপজেলা সাবেক সেক্রেটারি মনির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 






















