রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান।
জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি তার বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণের ওপর জোর দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও, ন্যায়-ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা শাখার আমীর মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক গোলাম মুত্তুর্জা, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরসহ দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাচনের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
রিপোর্টারের নাম 






















