কুমিল্লার হোমনা উপজেলায় বুধবার মাত্র এক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার বাসস্ট্যান্ড ও পঞ্চবটি এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে একটি অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দড়িকান্দি, ঘনিয়ারচর এলাকার ইউসুফ (৩৭), তার ছেলে ইয়াসিন (১২) এবং স্ত্রী খাদিজা (৩৫) আহত হন।
এর কিছুক্ষণ পরই একই বাসস্ট্যান্ড এলাকায় হোমনা-বাঞ্ছারামপুর সড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় মরিয়ম (৬) নামের এক শিশু গুরুতর আহত হয়। প্রায় একই সময়ে পঞ্চবটি এলাকায় একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় কাতারের নেছা (৬০) নামের এক বৃদ্ধা আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুই শিশু ইয়াসিন ও মরিয়মের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















