পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং মান নিয়ন্ত্রণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাজার মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী জানান, রমজান মাসজুড়ে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হবে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে, কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুতদারি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের মতো যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও পুনর্ব্যক্ত করেন ইউএনও।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং জামায়াত নেতা আবু জাফর। স্থানীয় সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেস ক্লাব সভাপতি আলী হায়দার আব্বাসী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব। সভায় চান্দাইকোনা, ঘুড়কা ও ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নেন।
আলোচনায় বক্তারা রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখা, প্রতিটি দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন নিশ্চিত করা এবং ভেজাল, কারসাজি ও মজুতদারির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাজার তদারকি দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















