চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন। এ সময় তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দেশপ্রেম ও গণতন্ত্রের আদর্শ ধারণ করে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে দুপুর ১টায় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাঈদ আল নোমান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।
এ সময় সাঈদ আল নোমান বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের আদর্শই আমাদের রাজনীতির মূল প্রেরণা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের চলার পাথেয়।” তিনি আরও বলেন, “এই আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, শাহ আলম, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মোশাররফ হোসেন দীপ্তি, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 





















