দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের হিংস্র আক্রমণে বয়স্ক, শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার শিবনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে। কুকুরের অতর্কিত ও ভয়াবহ হামলায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার জেরে অনেক স্কুলগামী শিক্ষার্থী ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেনি। আহতদের মধ্যে ৭০ বছর বয়সী মহিফুল বেগম নামে এক বৃদ্ধাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বিবরণ অনুযায়ী, কুকুরটি এতটাই হিংস্র ছিল যে কিছু বুঝে ওঠার আগেই যাকে যেখানে পেয়েছে, তাকেই কামড়ে জখম করেছে। শিবনগর ইউনিয়নের চককবির, পালপাড়া, দাসপাড়া, রামভদ্রপুর, পূর্ববাজিতপুর, দাদপুর আবাসন ও মালিপাড়া এলাকায় এই আক্রমণের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী একজোট হয়ে ওই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
চককবির গ্রামের আলমগীর হোসেন (৫০) জানান, সকাল ৮টার দিকে সাইকেল নিয়ে ধানের জমিতে যাওয়ার পথে সাইকেল থেকে নামতেই পেছন থেকে দৌঁড়ে এসে কুকুরটি তার পায়ে কামড় বসায়। কোনো উপায়ন্তর না দেখে তিনি কুকুরের কান ধরে টেনে ছাড়িয়ে নেন। এ সময় কুকুরটি দৌঁড়ে পালিয়ে গিয়ে আরও একজনকে কামড় দেয়। দাসপাড়া গ্রামের জিল্লুর রহমান (৩৫) বলেন, সকাল সাড়ে ৭টায় রাস্তায় হাঁটার সময় দ্রুতগতির একটি কুকুর বিনা কারণে তার উরুতে কামড় বসিয়ে দেয়। তার মনে হয়েছিল যেন মাংস ছিঁড়ে নেবে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলেও, যারা তাকে সাহায্য করতে এসেছিলেন, তাদেরও কয়েকজন কুকুরের আক্রমণের শিকার হন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত মোট ৫১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র চককবির গ্রামেরই ৩৪ জন। আহতদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিনসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, তাদের কাছে বর্তমানে ৩০০টি জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন মজুদ আছে এবং আরও ২০০টির জন্য চাহিদা পাঠানো হয়েছে।
পূর্ববাজিতপুর গ্রামের সাজু ইসলাম, চককবির গ্রামের মেহেরাব হোসেন এবং আবাসন এলাকার আজিজুল হক জানান, আগে প্রতি বছর সরকারিভাবে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান পরিচালনা করা হলেও, বর্তমানে তা বন্ধ থাকায় কুকুরের উপদ্রব অনেক বেড়ে গেছে। এত অল্প সময়ে অর্ধশতাধিক মানুষের আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা বেওয়ারিশ কুকুর নিধনের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওরোজ হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ৫১ জন কুকুর কামড়ানো রোগীকে জলাতঙ্ক প্রতিরোধক টিকাসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি পরামর্শ দেন, কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে ক্ষতস্থান ক্ষারযুক্ত সাবান দিয়ে প্রচুর পানি ঢেলে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং এরপর দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। তিনি আশ্বস্ত করেন, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তিনি প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















