ময়মনসিংহের ফুলপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় যানের চালক নিহত হয়েছেন। বুধবার (আজ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটির অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শেরপুরগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ট্রাকের উপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। আহত যাত্রীদের দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত বাসচালককে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সংঘর্ষের পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহের দিকে ফিরছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















