চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার ছেলের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫) নিজ বাড়ির অদূরেই এই দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির প্রায় ৫০০ গজ উত্তর দিকে অবস্থিত নতুন ভিটা বাড়িতে সেলো মেশিন দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুতের তার থেকে সংযোগ নিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। মা ও ছেলে দুজনেই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ঘটনার সময় স্থানীয়রা আমেনা বেগম রিনা ও এনামুল হক রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুনতে পান। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বালি ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হলেও, ততক্ষণে তাদের মৃত্যু ঘটে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে, মরদেহ দুটি নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















