কক্সবাজারের ঈদগাঁওয়ে পাওনা টাকা ও ঘেরের লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ঘের মালিকের ছেলে মোস্তফা কামালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া পিতা ও পুত্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী (ঘোনাপাড়া) এলাকায় একটি মাছ ও কাঁকড়া ঘেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘেরের হিসাব-নিকাশ ও লেনদেন নিয়ে বিরোধের জেরে কর্মচারী সোলেমান বাদশাহর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ঘের মালিক মোক্তার আহমদের ছেলে মোস্তফা কামালকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত সোলেমান বাদশাহ ও তার পিতা শাহীনুর মিস্ত্রিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এই ঘটনায় নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা হত্যাকাণ্ডে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং এর নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। ঘের মালিকের ছেলেকে এভাবে প্রকাশ্যে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















