ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু হাট-বাজারে অনিয়ম ও অতিরিক্ত খাজনা আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি নিয়মের বাইরে বা নির্ধারিত চার্ট ছাড়া অতিরিক্ত টাকা আদায় করা হলে দায়ীদের বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির মামলা করা হবে।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন। এমপির এই ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
ফেসবুক বার্তায় এমপি মাজেদ বাবু উল্লেখ করেন, ঈশ্বরগঞ্জের প্রতিটি বাজারে খাজনার নির্ধারিত চার্ট দৃশ্যমান স্থানে টাঙাতে হবে। চার্ট না দেখা পর্যন্ত কাউকে খাজনা না দেওয়ার জন্যও তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। বিশেষ করে প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি নির্দেশ দেন যে, কৃষকদের কাছ থেকে কোনোভাবেই ৫ শতাংশের বেশি খাজনা নেওয়া যাবে না।
বাজার ইজারাদারদের সতর্ক করে তিনি বলেন, নির্ধারিত হারের চেয়ে এক টাকাও বেশি আদায় করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, নিয়মের ব্যত্যয় ঘটলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে এবং সেই অনুযায়ী মামলা করা হবে।
সংসদ সদস্যের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্টের নিচে কয়েক ঘণ্টার মধ্যেই শত শত ইতিবাচক মন্তব্য জমা পড়েছে। সাধারণ নাগরিকরা মনে করছেন, এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর হলে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিনের হয়রানি ও শোষণ থেকে মুক্তি পাবেন। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রতিনিধিদের এমন জনমুখী অবস্থানই সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনে।
রিপোর্টারের নাম 





















