রাজধানীর গুলশানের নর্দা এলাকায় একটি মাদরাসার ভবন থেকে পড়ে আব্দুল্লাহ (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ বরিশাল জেলার মির্জাগঞ্জ উপজেলার মকুমা গ্রামের মাছ ব্যবসায়ী জাফর মোল্লার ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। পরিবারের সাথে সে নর্দা এলাকাতেই বসবাস করত।
মাদরাসা সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ স্থানীয় ‘আবু বক্কর সিদ্দিক তাহ্ফিজুল মাদরাসা’র নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সে মাদরাসায় যায়। সকাল ১০টার দিকে মাদরাসা ভবনের তৃতীয় তলা থেকে সে হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























