জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে পৃথকভাবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় নিজ নিজ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক উত্তরণে ডা. শফিকুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে এবং দেশের সামগ্রিক উন্নয়নে তার নেতৃত্বাধীন দল ঐতিহাসিক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
সাক্ষাৎকারী বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেন— ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা। সফররত এই প্রতিনিধিরা পৃথকভাবে বৈঠকে মিলিত হয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।
বৈঠকগুলোতে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
রিপোর্টারের নাম 
























