পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত মাহে রমজান। এ মাসের শেষ দশকে রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র লাইলাতুল কদর। রমজান মাস তাকওয়া, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস।
ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের দোসর অসাধু ব্যবসায়ীরা’ এখনো সমাজের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে এবং তারা যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য বাড়াতে না পারে, সে লক্ষ্যে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
জামায়াত আমির আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলা আবশ্যক। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যাতে স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশে ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাড়ে ১৫ বছরের ‘জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে’ জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এমতাবস্থায় দেশের নাগরিকগণ মৌলিক মানবাধিকারসহ সকল ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। তবে, ‘পতিত স্বৈরাচারের দোসররা’ এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান। শান্তি, স্বস্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের ন্যায়সংগত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি পবিত্র আল-কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনের লক্ষ্যে মাহে রমজানকে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























