পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমানে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা নেই। আসন্ন জাতীয় নির্বাচনে যেসব রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, মূলত তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবং এ ধরনের কথা বলছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলো বর্তমানে যথেষ্ট সংযত আচরণ করছে। তবে যদি নির্বাচনে কোনো প্রকার সহিংসতা ঘটে, তবে তার দায়ভার ভোট বর্জনকারী দলগুলোকেই নিতে হবে।
নির্বাচনী পর্যবেক্ষকদের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, সরকার চায় সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করতে আসুক। তবে এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকে আগ বাড়িয়ে কিছু করবে না। ভারত থেকে কোনো সাংবাদিক ভোট পর্যবেক্ষণে আসতে চাইলে তাদের ভিসার ব্যবস্থা করা হবে।
ভারতীয় কর্মীদের পরিবারের সদস্যদের ফিরে যাওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে শঙ্কার কিছু নেই, তবে এর পেছনে কোনো বিশেষ সংকেত আছে কি না, তা জানা নেই। তিনি আরও বলেন, দেশে নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি এবং ভারত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি। যখনই তারা নিরাপত্তা চেয়েছে, তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা মূলত মিয়ানমারের আরাকানের অধিবাসী। অনেক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়েছেন। তবে পাসপোর্টের মতো ছোটখাটো প্রশাসনিক জটিলতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে থাকবে না।
চীনের সহায়তায় ড্রোন কারখানা স্থাপন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশ তার প্রয়োজনে যে কোনো দেশের সাহায্য নিতেই পারে। এতে অন্য কোনো দেশ কিছু বললে আমাদের কিছু যায় আসে না।’ এ ছাড়া চীন ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানান, বাংলাদেশ নিজস্ব স্বার্থ বিবেচনা করেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে।
ব্যস্ততার কারণে তিনি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারেননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ওসমান হাদির ভাই ওমর হাদির যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ বহাল থাকার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
রিপোর্টারের নাম 
























