জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের প্রতিটি সংসদীয় আসনের সীমানা নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। বিশেষ করে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের ২০টি সংসদীয় আসনের ভৌগোলিক বিন্যাস বেশ জটিল ও বিস্তৃত। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নির্ধারিত সীমানা অনুযায়ী, ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে এই আসনগুলো। জনসংখ্যা বৃদ্ধি এবং দ্রুত নগর সম্প্রসারণের কারণে অনেক সময় একটি আসনের ভেতরে অন্য আসনের কিছু অংশ চলে আসে। ভোটদানের সুবিধার্থে এবং নিজেদের নির্বাচনী এলাকা সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে, নিচে ঢাকার কোন এলাকা কোন সংসদীয় আসনের অন্তর্ভুক্ত, তার একটি বিস্তারিত চিত্র তুলে ধরা হলো:
ঢাকা–১: রাজধানীর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ঢাকা-১ আসনটি গঠিত হয়েছে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে।
ঢাকা–২: বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীর ঘেঁষে অবস্থিত ঢাকা-২ আসনটি কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, হযরতপুর, রোহিতপুর, শাক্তা, কালিন্দী ও বাস্তা ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়ন নিয়ে গঠিত।
ঢাকা-৩: কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—আগানগর, কোন্ডা, শুভাঢ্যা, তেঘরিয়া ও জিনজিরা—এই আসনের অন্তর্ভুক্ত।
ঢাকা-৪: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড (শ্যামপুর ও কদমতলী থানা এলাকা) নিয়ে গঠিত হয়েছে ঢাকা-৪ আসন।
ঢাকা-৫: যাত্রাবাড়ী ও ডেমরা অঞ্চলের অন্তর্গত ঢাকা-৫ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
ঢাকা–৬: সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া এবং কোতোয়ালি থানার (আংশিক) এলাকা নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড।
ঢাকা–৭: লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর (আংশিক) ও কোতোয়ালি (আংশিক) থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। এতে অন্তর্ভুক্ত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড।
ঢাকা–৮: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড (মতিঝিল ও রমনা এলাকা) নিয়ে গঠিত হয়েছে ঢাকা-৮ আসন।
ঢাকা–৯: সবুজবাগ, মতিঝিল (আংশিক) ও ডেমরা (আংশিক) এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড।
ঢাকা–১০: ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড।
ঢাকা–১১: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকা জুড়ে বিস্তৃত।
ঢাকা–১২: তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১২ আসনে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড।
ঢাকা–১৩: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড ঢাকা-১৩ আসনের আওতাধীন। লালমাটিয়া, মোহাম্মদপুর, আসাদগেট, শ্যামলী, বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, বসিলা, ইউল্যাব ইউনিভার্সিটি, বেতার, নিউরো সায়েন্স হাসপাতাল, মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা এই আসনের অন্তর্ভুক্ত।
ঢাকা–১৪: মিরপুর, শাহ আলী ও দারুসসালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন।
ঢাকা–১৫: তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়া এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড।
ঢাকা–১৬: পল্লবী ও রূপনগর থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৬ আসনের আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড।
ঢাকা–১৭: গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে অন্তর্ভুক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা।
ঢাকা–১৮: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনটি উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা জুড়ে বিস্তৃত।
ঢাকা–১৯: সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন এবং সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত হয়েছে ঢাকা-১৯ আসন।
ঢাকা–২০: ধামরাই উপজেলা নিয়ে গঠিত হয়েছে ঢাকা-২০ আসন।
রিপোর্টারের নাম 
























