অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পেছনে কোনো নিরাপত্তা শঙ্কা বা যৌক্তিক কারণ নেই। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে জানান, দেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যেখানে ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবার বিপদে পড়তে পারে।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সুনির্দিষ্ট সংকেত আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো শঙ্কা নেই। আর সংকেত কী, তা আমি বুঝতে পারছি না।” তিনি বিষয়টিকে ভারতের একান্ত নিজস্ব ব্যাপার হিসেবে উল্লেখ করে বলেন, “তারা তাদের কর্মীদের পরিবারকে যেকোনো সময় চলে যেতে বলতেই পারে।”
তৌহিদ হোসেন আরও বলেন, “তারা কেন এটা করছেন, তার কোনো কারণ আমি খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা পরিবার বিপদে আছে। এ রকম একটি ঘটনাও ঘটেনি।” তিনি যোগ করেন, “আশঙ্কা তাদের মনে হয়তো থাকতে পারে, অথবা তারা হয়তো কোনো বার্তা দিতে চাইছে—হতে পারে। কিন্তু আমি আসলে এর মধ্যে সঠিক কোনো বার্তা খুঁজে পাচ্ছি না।”
পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, যদি তারা তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান, এ ব্যাপারে বাংলাদেশের কিছুই করার নেই, তারা নিতেই পারেন। তিনি সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, “সার্বিকভাবে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি।” অতীতের নির্বাচনকালীন পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, “যখন নির্বাচন হতো—মাঝখানে তো অনেকদিন নির্বাচন হয়নি—নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু মারামারি, ধাক্কাধাক্কি সবসময়ই হতো। এবার তার থেকে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না।”
কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো নিরাপত্তা উদ্বেগ জানিয়েছে কি না—জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন, “তারা বিপদে আছেন—এ রকম কোনো কথা আমাদের জানানো হয়নি।”
রিপোর্টারের নাম 
























