জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) জাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জাকসুর চার মাসের কার্যবিবরণী’ প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে জাকসুর নবনির্মিত অফিসিয়াল ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জাকসুর নেতারা জানান, গত চার মাসে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও, বেশ কিছু উন্নয়নমূলক কাজ বর্তমানে চলমান রয়েছে।
কার্যবিবরণীর উল্লেখযোগ্য দিকসমূহ:
পরিবহন ব্যবস্থা: ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় নতুন কার্ট সংযোজন, পরিবেশবান্ধব অটোরিকশা চালু এবং পূজার ছুটিতে দূরপাল্লার বাস সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পাস নিরাপত্তা: প্রান্তিক, ডেইরি ও এমএইচ গেটে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির জন্য প্রশাসনের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এন্টি-র্যাগিং সেল গঠন করা হয়েছে।
স্বাস্থ্যসেবা: মেডিকেল সেন্টারে ওজন মাপার যন্ত্র ও নেবুলাইজার সংযুক্ত করা হয়েছে। ৮৫ ধরনের ওষুধ সরবরাহ এবং সাতজন খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। মেডিকেল ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনের উদ্যোগও নেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা: জাকসুর তত্ত্বাবধানে বটতলার খাবারে ঢাকনা ব্যবহার নিশ্চিত করা হয়েছে। অভ্যন্তরীণ দোকান মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাফেটেরিয়া খোলা রাখার সময়সীমা বৃদ্ধি এবং বিকেলের নাস্তা চালু করা হয়েছে।
পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণ: ওয়েস্ট ম্যানেজমেন্ট সরেজমিন পর্যবেক্ষণ করা হয়েছে এবং ক্যাম্পাসের প্রায় ২০টি আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসে ৪০টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ‘পথের প্রাণ’ এবং জাকসুর যৌথ উদ্যোগে ক্যাম্পাসের বিড়াল ও কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। শীতকালীন অতিথি পাখির আগমনের পূর্বে মনপুরা লেক সংস্কার ও মাচা নির্মাণ করা হয়েছে।
ক্রীড়া ও সংস্কৃতি: ফ্রেন্ডলি ক্রিকেট ও বাস্কেটবল ম্যাচ, ই-ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃহল শর্টপিচ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। লালন সন্ধ্যা, পালা উৎসব, কবি ফররুখ আহমদ স্মরণ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা, র্যালি ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাকসু ও বিকেএসপি’র সমন্বয়ে সেলফ ডিফেন্স ও কালচারাল নাইট আয়োজন করা হয়েছে।
মানসিক স্বাস্থ্য ও শিক্ষা: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে “মনের যত্ন: একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘Career Path & Higher Education Expo’ আয়োজনের মাধ্যমে প্রায় দুই হাজার শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রীদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।
সামাজিক ও জাতীয় ইস্যুতে ভূমিকা: জাকসু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে। তিস্তার ন্যায্য পানির দাবিতে রংপুরের শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানানো হয়েছে। বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনেও জাকসু সংহতি প্রকাশ করেছে।
অবকাঠামো উন্নয়ন: নতুন ছয়টি হলে গ্যাস সংযোগ সম্পন্ন করা হয়েছে। কলা অনুষদের পার্কিং সমস্যা সমাধানে সাইকেল স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় ফুটপাত নির্মাণ, আলোকসজ্জা, স্পিডব্রেকার ও সড়ক সংস্কারসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রমজান মাসকে কেন্দ্র করে স্বাস্থ্য বিষয়ক সেমিনারসহ আরও বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























