বাংলাদেশের হজ ব্যবস্থাপনা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের জন্য শতভাগ বাড়িভাড়া চুক্তি সম্পাদনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ধর্ম উপদেষ্টা সাক্ষাৎকালে আসন্ন হজ মৌসুমে দেশের হজযাত্রীদের জন্য বাড়িভাড়া চুক্তি সম্পাদনের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, সকল হজ এজেন্সিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাড়িভাড়া চুক্তি স্বাক্ষরের জন্য তাগিদ দেওয়া হয়েছে। ইতোমধ্যে মদিনা ও মক্কা উভয় নগরীতে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর জন্য বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। বাকি হজযাত্রীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করতে হজ এজেন্সিসমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের হজ কার্যক্রমের সার্বিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য রোডম্যাপ অনুসারে বাড়িভাড়া চুক্তি সম্পাদন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা ড. খালিদ হোসেন এই বছর বাংলাদেশের হজযাত্রীর কোটা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও মজবুত ও সুসংহত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























