সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাচালানকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে টিপরাখলা এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবি সদস্যদের বাগবিতণ্ডার জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উসকে দেওয়া হয়। এরপর কয়েকশ মানুষ বিজিবি সদস্যদের ঘিরে ধরে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে এক যুবক গুলিবিদ্ধ হন এবং উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে আসার সময় বিজিবি সদস্যরা বাধা দিলে চোরাকারবারিদের সঙ্গে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে সমবেত করা হয়। উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে জাহাঙ্গীর আলম নামে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি কয়েক রাউন্ড গুলি চালালে আতিক নামের এক স্থানীয় যুবক আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, গরু আটকের ঘটনার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বিজিবির কর্তব্যকাজে বাধা এবং হামলার ঘটনায় গতকাল বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 


















