বলিউডে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক ও মারকাটারি অ্যাকশন সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ক্যাটরিনা কাইফ। তবে এবার রূপালি পর্দায় চেনা ছকের বাইরে গিয়ে একেবারে ভিন্ন রূপে হাজির হওয়ার ইচ্ছার কথা জানালেন এই তারকা অভিনেত্রী। প্রথাগত নায়িকা নয়, বরং পূর্ণাঙ্গ খলনায়িকার চরিত্রে নিজেকে মেলে ধরতে চান তিনি।
বিশেষ করে হলিউডের বহুল আলোচিত ফ্যান্টাসি চলচ্চিত্র ‘ম্যালিফিসেন্ট’-এর নামভূমিকায় অ্যাঞ্জেলিনা জোলির করা চরিত্রটির মতো কোনো রহস্যময় ও নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রবল আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা।
সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যতের অভিনয় ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন ক্যাটরিনা। দীর্ঘ আট বছর পর জনপ্রিয় এই ফ্যাশন ম্যাগাজিনের কভারে ফিরে তিনি বলেন, ‘আমার গভীর বিশ্বাস, ম্যালিফিসেন্টের মতো কোনো চ্যালেঞ্জিং খলচরিত্রে আমি নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারব।’
অবশ্য অভিনয়ে ফেরার ব্যাপারে আপাতত কোনো তাড়াহুড়ো নেই এই বলিউড তারকার। বর্তমানে ছেলে বিহানকে সময় দেওয়াই তাঁর জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানান তিনি।
সাক্ষাৎকারে স্বামী ভিকি কৌশলের ভূয়সী প্রশংসা করে ক্যাটরিনা জানান, বাবা হিসেবে ভিকি সত্যিই অসাধারণ। পেশাগত শত ব্যস্ততার মাঝেও তিনি পরিবারের পাশে থাকেন এবং ক্যাটরিনাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার পূর্ণ স্বাধীনতা ও সমর্থন দেন।
সন্তান জন্মের পর শারীরিক গঠন নিয়ে নেটদুনিয়ায় সমালোচকদের নানা কটূক্তি প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি এসব নেতিবাচক মন্তব্যকে বিন্দুমাত্র পাত্তা দেন না। নিজের ছন্দে ও স্বাস্থ্যকর নিয়ম মেনেই ফিটনেসে ফিরতে চান তিনি। অভিনয়ের বাইরে নিজের কসমেটিকস ব্র্যান্ড ‘কেডি বিউটি’র ব্যবসা পরিচালনা ও মাতৃত্বের আনন্দ উপভোগেই এখন মনোযোগ ধরে রেখেছেন এই অভিনেত্রী।
























