প্রথমবারের মতো সাফ ক্লাব কাপে অংশ নিয়েছে বাংলাদেশের নাসরিন একাডেমি। তবে অংশ নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সাফের সিনিয়রদের আসরে বাংলাদেশ টানা দুইবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্লাব ফুটবলে রুগ্নদশা ফুটে উঠেছে। তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। সবশেষ ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোলে হারের লজ্জা পেতে হয়েছে।
নাসরিন একাডেমি শেষমুহূর্তে জোড়াতালির দল নিয়ে কাঠমান্ডুতে খেলতে গিয়েছে। সেই দলে সানজিদা আক্তার ছাড়া বাকিরা সব বয়সভিত্তিক দলের খেলোয়াড়। এছাড়া অনুশীলনও হয়নি ঠিকমতো। দেশের বাইরে প্রথম খেলতে এসে এমন ভরাডুবি নিয়ে অধিনায়ক সানজিদা হতাশ। কাঠমান্ডু থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এভাবে ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোল খাবো চিন্তাও করিনি। শুধু তাই নয়, এখানে এসে এখনও কোনও ম্যাচ জিততে পারিনি। এটা আমাদের কাছে অনেক খারাপ লাগছে।’
কাঠমান্ডুতে দলের খারাপ অবস্থার কারণ নিয়ে দুটি সাফ জয়ী সদস্য সানজিদা জানালেন, ‘দলে তো আমি ছাড়া জাতীয় দলে খেলা অভিজ্ঞ খেলোয়াড় নেই। তার ওপর সবার প্রস্তুতি ঠিকমতো হয়নি। এই যেমন ইস্ট বেঙ্গল হলো এখানে সবচেয়ে শক্তিশালী দল। তাদের হয়ে উগান্ডা, ঘানা ও নাইজেরিয়ার খেলোয়াড়রা খেলেছে। এছাড়া জাতীয় দলের কয়েকজনকে দেখেছি। আমাদের খেলোয়াড়রা তাই বুঝে উঠতে পারছিল না সবকিছু। এভাবে হলে আসলে না খেলাই উচিত। যথেষ্ট প্রস্তুতি এবং আরও ভালো খেলোয়াড় নিয়ে আসা উচিত ছিল।’
এই ইস্ট বেঙ্গলে সানজিদা একসময় খেলেছেন। তাই ৭ গোলে হজমটা বেশি কষ্ট দিচ্ছে তাকে। এখন লিগের শেষ ম্যাচে ভুটানের দলের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে ইতিবাচক ফল করে দেশে ফিরতে চান সবাই।
রিপোর্টারের নাম 
























