ঘরোয়া ক্রিকেটারদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর প্রেক্ষাপটে বিসিবি কার্যালয়ের সামনে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
বিতর্কের মধ্যেই রবিবার শুরু হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে ২০ দলের মধ্যে শেষ পর্যন্ত অংশ নিয়েছে মাত্র ১২টি দল। বাকি আটটি দল লিগ বর্জন করায় একাধিক ক্রিকেটার বিসিবি কার্যালয়ের সামনে বিক্ষোভে নামেন। তাদের দাবি ছিল—বোর্ডের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া।
লিগ শুরুর আগের দিন শনিবার বিসিবি প্রাঙ্গণে দেখা যায় ভিন্ন চিত্র। বিসিবি একাডেমি ভবনের সামনে অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান চললেও বাইরে বর্জনকারী ক্লাবগুলোর ক্রিকেটাররা বিক্ষোভ করেন।
এই পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান তামিম ইকবাল। বিশেষ করে ক্রিকেটারদের বিসিবি প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় বোর্ডের আচরণের কড়া সমালোচনা করেন তিনি।
তামিম লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটা তাদের অধিকার এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’
সূচি অনুযায়ী, প্রথম রাউন্ডে পাঁচটি ভেন্যুতে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কোনও দল নির্ধারিত ম্যাচে হাজির না হলে প্রতিপক্ষকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
রিপোর্টারের নাম 
























