রাজধানীর আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২ হাজার ভরি গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর সুযোগ বুঝে দোকানে ঢুকে গয়না ও নগদ টাকা লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে দু’জন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক ২ হাজার ভরি। পাশাপাশি দোকানে থাকা নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও লুট হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর রাতে তিন থেকে পাঁচজন শপিং মলে প্রবেশ করেন। এ ছাড়াও সেখানে দু’জন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। তবে ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে চোর চক্রের সদস্যদের দোকানে প্রবেশে সরাসরি সহযোগিতা করতেও দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, দোকানের মালিক দাবি করেছেন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছে। আমরা মামলাটি নিয়ে কাজ করছি এবং জড়িতদের শিগগির আইনের আওতায় আনব।
উপকমিশনার শেখ জাহিদুল জানান, শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৪ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


























