ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একটি সুস্থ, সুন্দর এবং কর্মক্ষম জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং যেকোনো ধরনের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে দেশজুড়ে খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে হবে। এ ধরনের সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে সহায়তা করে।
ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। ১০ ও ২১ কিলোমিটারের এই প্রতিযোগিতায় মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরির ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






















