সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযানে গ্রামবাসীর বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার নলুয়া মধ্যপাড়া গ্রামের মো. রকিব (৪০), নলুয়া দক্ষিণপাড়া জেলহাস প্রাং প্রকাশ আতিক (৪০), নারায়ণদহ গ্রামের সাইফুল ইসলাম (৩৮) এবং নলুয়া মধ্যপাড়া গ্রামের সোহেল রানা (২৮)।
এর আগে, শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মিরুকে গ্রেপ্তার করতে তার বাসভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও জড়ো হয়ে পুলিশকে বাধা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য তার নিজ বাসভবনে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় নারী-পুরুষসহ এলাকাবাসী এবং শিশুরা একত্রিত হয়ে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের কাছ থেকে মিরুকে ছাড়িয়ে নেন। প্রসঙ্গত, হালিমুল হক মিরু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হওয়ার পর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করে।


























