সশস্ত্র সংগঠনের অপতৎপরতার কারণে দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে বান্দরবানে পর্যটকদের আগমন বন্ধ রয়েছে। এর ফলে পর্যটন খাতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু চৌধুরী।
তিনি জানান, সম্প্রতি নতুন করে সাজেক অঞ্চলেও পর্যটন খাতে অচলাবস্থা তৈরি হয়েছে। তবে এই সমস্ত সমস্যা দ্রুত নিরসনে বর্তমান বিএনপি সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পর্যটন অর্থনীতির পাশাপাশি কৃষি খাতের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই। তবে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হয়, এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কেন আঞ্চলিক সংগঠনগুলো আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী ও পুলিশ সুপার মোরতোজ আলী খাঁনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।






















