পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা পরিষদসংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে রাখা আরাফাত পরিবহন (খুলনা-ব-১১৫) বাসের পেছনের আসনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় স্ট্যান্ডে থাকা অন্যান্য বাসের সহকারীরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি, মঠবাড়িয়া থানা পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

























