শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও মেলবন্ধনের মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের কাছে টেনে নেন এবং অত্যন্ত স্নেহের সঙ্গে তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার নানা সামগ্রী উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সবাই নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কি না, সে বিষয়েও পরম স্নেহে খোঁজখবর নেন তিনি।
খেলার সামগ্রীগুলোর যথাযথ ব্যবহারের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে খেলার সামগ্রীগুলো ভাগাভাগি করে খেলতে হবে। একজনের খেলার সরঞ্জাম যেন অন্য বন্ধুরাও সমানভাবে ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের বিশেষভাবে উৎসাহিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার চমৎকার মানসিকতা গড়ে তোলার এক অনন্য বার্তা দেওয়া হয়েছে।























