যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা ও সিরিজের প্রচার এবং ব্যবসায়িক কার্যক্রম আরও প্রসারিত করতে টোস্টার প্রোডাকশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন এই চুক্তির ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে চরকির ‘ইউএস কমার্শিয়াল অ্যাসোসিয়েট’ হিসেবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে চরকির কনটেন্ট আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়া। পাশাপাশি স্থানীয় বাঙালি ও অন্যান্য বিদেশি দর্শকদের মধ্যেও বাংলা কনটেন্টের ব্যাপক প্রচার বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্ব তৈরিতেও কাজ করবে টোস্টার প্রোডাকশন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, দেশের বাইরে যারা বসবাস করেন, তারা দেশের পছন্দের কনটেন্ট দেখার জন্য সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রবাসীদের এই চাহিদা চরকি দীর্ঘদিন ধরেই সফলভাবে পূরণ করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বাঙালি ও অবাঙালি দর্শকদের কাছে চরকিকে আরও সহজে এবং বিস্তৃত পরিসরে উপস্থাপন করা।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এই উদ্যোগকে বাংলা কনটেন্টের বৈশ্বিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে চরকির কার্যক্রমকে আরও দৃঢ় করার মাধ্যমে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছি। এর ফলে সেখানকার দর্শকরা আরও সহজে নিজেদের পছন্দ অনুযায়ী চরকির কনটেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি মার্কিন বাজারে আমাদের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্বের দারুণ সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, গত পাঁচ বছরের বর্ণাঢ্য যাত্রায় চরকি ‘ঊনলৌকিক’, ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’ ও ‘অ্যালেন স্বপন’-এর মতো প্রশংসিত সিরিজ এবং ‘নেটওয়ার্কের বাইরে’, ‘ঊনিশ২০’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’র মতো জনপ্রিয় চলচ্চিত্র মুক্তি দিয়েছে। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রও নিয়মিত দেখা যাচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মে।























