টানা ৩১ দিন জ্বলার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসকূপের আগুন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশেষ পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি (বাপেক্স)।
তবে আগুন নিভলেও কূপটি এখনো পুরোপুরি নিরাপদ নয়। ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণ ও কূপের মুখ স্থায়ীভাবে বন্ধ করতে আরও কারিগরি কাজ করতে হবে। কূপটি নিরাপদ করার পর এলাকায় নতুন করে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে বাপেক্সের।
বাপেক্সের কর্মকর্তারা জানান, কূপের সঙ্গে বিশেষ ডাইভার্ট লাইন স্থাপন করে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে। একপর্যায়ে আগুন নিভে যায়।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু বলেন, কেসিং স্থাপন ও ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এখন কূপটিকে নিরাপদ করার কাজ শুরু হবে।
তিনি জানান, পরবর্তী ধাপে ড্রিল পাইপ কূপের ভেতরে প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় বিশেষ ধরনের ড্রিলিং মাড ব্যবহার করে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হবে। পরে ভূগর্ভস্থ চাপের ভারসাম্য তৈরি করে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করা হবে।
কূপটি নিরাপদ হওয়ার পর এলাকায় জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে করা হবে। এসব জরিপের মাধ্যমে ভূগর্ভে গ্যাসের মজুত এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব কি না, তা যাচাই করা হবে।























