সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাসায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মিমি। আইনি বিয়ের পর আংটি বদল ও বিয়ের নথিপত্র স্বাক্ষরের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে ধরা পড়েছে এই জুটির বিশেষ মুহূর্তগুলো। এ সময় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। জানা গেছে, এক বান্ধবীর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখলেও এবার বিয়ের মধ্য দিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করলেন তাঁরা।
তবে কলকাতায় আইনি বিয়ের মধ্য দিয়েই শেষ হচ্ছে না তাঁদের বিয়ের আয়োজন। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতের পাহাড়ি শহর কালিম্পংয়ে সামাজিক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ককটেল ও ডিনার পার্টি। পরদিন ৪ ডিসেম্বর রয়েছে মেহেদি ও সংগীতের আয়োজন। এরপর ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সামাজিক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন মিমি। তবে জীবনের বিশেষ এই মুহূর্তের ছবি প্রকাশের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।






















