দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাতটি জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন দায়িত্ব পালন করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির লাইভ ফুটেজ ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিজিবি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করতে তারা বদ্ধপরিকর। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখাই বিজিবির মূল লক্ষ্য।
























