প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়।
সভায় নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় বরাদ্দের দুটি প্রকল্প রয়েছে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে।
ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে প্রকল্প দুটিতে মোট ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এতে নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মোট দুই হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প দুটির অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প দুটির মধ্যে ঢাকার পাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবি ঋণ দেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ১৮৩ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে এক হাজার ২৮২ কোটি টাকা, এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ২০৭ কোটি টাকা।
























