রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের আশঙ্কাজনক উপস্থিতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আকস্মিক ওই কলেজ পরিদর্শনে যান তিনি।
নাটোর এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী আসেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় মহাসড়কের পাশে অবস্থিত বিড়ালদহ কলেজ দেখতে পেয়ে তিনি গাড়ি থামিয়ে আকস্মিক পরিদর্শনে যান। কলেজের নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় একটি কক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত দেখতে পান তিনি, যা দেখে ক্ষোভ প্রকাশ করেন।
একটি শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ শিক্ষক জানান, ওই কক্ষে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও আজকে মাত্র একজন উপস্থিত হয়েছে। শিক্ষার্থীরা কেন ক্লাসে আসছে না—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ওই শিক্ষক।
অন্যান্য শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’ জবাবে শিক্ষকরা জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা প্রায়ই বাইরে থাকে এবং তাদের ক্লাসে আনতে ফোনে যোগাযোগ করতে হয়। শিক্ষকদের এমন উত্তরে অসন্তুষ্ট হন শিক্ষামন্ত্রী।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তাঁদের কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় সব মিলিয়ে কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি। অধ্যক্ষ স্বীকার করেন যে, নানাভাবে চেষ্টা করেও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ধরে রাখা সম্ভব হচ্ছে না।
























