জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন—একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে পুনর্বাসন প্রকল্প অব্যাহত রাখেন—তাহলে মনে রাখবেন, শেখ হাসিনার আগমন এবং সরকারের পতন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না, খুনের ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।
ড. রেজাউল করিম আরও বলেন, শেখ হাসিনা যদি দেশে আসেন, তবে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা যারা নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতিত জনতাই শেখ হাসিনা যে পথেই আসুক না কেন, তাকে ধরে নিয়ে এসে ফাঁসি কার্যকর করবে।
তিনি বলেন, আজকে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস ও আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় যা ঘটছে, তা হচ্ছে ক্ষমতাসীনদেরই হাতের কামাই। তারাই অর্থবিত্ত দিয়ে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের পরিকল্পনা করছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে অনেকে কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাদের রিসিভ করেছেন।
জামায়াতের এই নেতা আরও বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি, তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় বলেছিলেন, আপনারা আমাদের ধানের শীষে ভোট দিন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে এবং আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন। এখন কি তবে শান্তির বার্তা নিয়ে আসা হয়েছে, নাকি আগুন নিয়ে আসা হয়েছে? সুতরাং এ আগুন শুধু আপনাদের ঘরই পোড়াচ্ছে না, গোটা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।
























