তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সম্মিলিত মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতাকে নতুন উচ্চতায় তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত তিন বাহিনীর এই যৌথ প্রশিক্ষণ মহড়াকে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, আজকের এই ঐতিহাসিক মুহূর্তটি শুধু সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন নয়, বরং এটি যেকোনো বহিরাগত চ্যালেঞ্জ ও পরিস্থিতি সফলভাবে মোকাবিলার বার্তা দেয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, এ ধরনের সমন্বিত প্রশিক্ষণ সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা আরও সুসংহত করবে। পেশাদারিত্ব ও দূরদর্শী চিন্তার সমন্বয়ে গঠিত বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত ও সুসংগঠিত থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাবে।

























